ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝাল-ডাঙ্গার বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই আনন্দঘন প্রতিযোগিতায় বিলের চারপাশে হাজারো দর্শকের সমাগমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী মানুষ বিলের দুই পাড়ে উপস্থিত হয়ে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করেন। ঢাক-ঢোলের তালে তালে ও কারুকাজ করা নৌকাগুলোর ছন্দময় বৈঠার লড়াইয়ে পুরো এলাকা আনন্দে মেতে ওঠে। প্রতিযোগিতায় প্রথম ধাপে 'মান্নান বরদিয়া' নৌকা বিজয়ী হয়েছে।
বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “নৌকা বাইচ আমাদের গ্রামবাংলার শেকড় ও ঐতিহ্যের অংশ। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আগামীতে আরও বড় পরিসরে ভাঙ্গায় নৌকা বাইচের আয়োজন করা হবে।”
আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা এমন ঐতিহ্যবাহী আয়োজন প্রতিনিয়ত বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এআইএল/সকালবেলা