ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় ধারালো অস্ত্রসহ মোঃ রিগান নামে এক শীর্ষ ও চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল রোববার (৭ জুন) গভীর রাতে সদর থানা পুলিশের একটি চৌকস দল সুহিলপুর এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রিগানের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম সুহিলপুর এলাকায় অভিযানে যায়। আভিযানিক দলটি সদর থানাধীন ৩ নম্বর সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজার সংলগ্ন জনতা ব্যাংকের সামনে অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে রিগানকে হাতেনাতে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রিগান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিপাড়া এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধী রেকর্ড পর্যালোচনায় জানা গেছে, গ্রেফতারকৃত রিগান এলাকার একজন কুখ্যাত অপরাধী এবং শীর্ষ ছিনতাইকারী চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন থানায় ১টি হত্যা মামলা, ৯টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি মাদক মামলা এবং ২টি অন্যান্য ধারার অপরাধসহ মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশ জানিয়েছে, গভীর রাতে দেশীয় অস্ত্রসহ ঘোরাঘুরি ও ছিনতাইয়ের প্রস্তুতির অপরাধে আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি নতুন অস্ত্র মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার দুপুরে সংশ্লিষ্ট মামলার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এআইএল/সকালবেলা