ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ শনিবার (১৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কসবা পৌরসভার ৪নং ওয়ার্ডের বিশারা বাড়ির মো. আল আমিনের স্ত্রী মোসা. শিরিন আক্তার প্রকাশ সাদিয়া (৪০), তাঁর বাবা মো. রহমত আলী (৬৫) এবং একই পৌরসভার ৩নং ওয়ার্ডের তালতলা এলাকার মো. সাব্বির উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন প্রকাশ অলি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ডিএনসি’র একটি চৌকস দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজারস্থ সুলতানপুর-ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে ‘জুয়েল ইলেকট্রনিকস’ নামীয় ওয়ালটন শোরুমের সামনে বিশেষ চেকপোস্ট বসায়।
অভিযানকালে ওই সড়ক দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে সিগন্যাল দিয়ে সেটিকে থামানো হয়। পরে অটোরিকশার ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক চালানের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সাথে আলামত হিসেবে মাদক বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে কসবা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলাজুড়ে মাদকের নেটওয়ার্ক ধ্বংস করতে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|