ইতালিতে নিহত একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
ইতালিতে নিহত একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন

মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন সদস্যের লাশ দেশে পৌঁছানোর পর স্বজনদের কান্না আর আহাজারির মধ্য দিয়ে দাফন সম্পন্ন হয়েছে। তবে ঘটনার দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার না করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবার ও স্থানীয়রা।

শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

নিহতরা হলেন— চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তাঁর স্ত্রী (৩৮) এবং পাঁচ বছর বয়সী শিশুসন্তান আরোয়া ইসলাম আরিশা।

হত্যাকাণ্ডে গুরুতর আহত হয়ে ইতালির হাসপাতালে চিকিৎসাধীন থাকা তাঁদের একমাত্র ছেলে অয়ন চিকিৎসা শেষে শুক্রবার অপরাহ্ণে দেশে পৌঁছান এবং অশ্রুসজল চোখে বাবা-মা ও বোনের দাফনে অংশ নেন। এর আগে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ তিনটি তাঁদের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালোত্তি এলাকার একটি ফ্ল্যাটে তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ তিনজনের লাশ ও আশঙ্কাজনক অবস্থায় অয়নকে উদ্ধার করে। ১১ আগস্ট রোমে প্রথম জানাজা শেষে মরদেহগুলো দেশে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শাহাদাত হোসেনের (৪০) ছবি ও তথ্য প্রকাশ করে ইতালীয় পুলিশ। তবে ঘটনার ১ মাস ১৯ দিন পার হলেও তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

চোখের পানি মুছতে মুছতে নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম বলেন, "আমার ছেলে দেশে ছুটিতে এসে এই কবরস্থানে নিজের হাতে মাটি ফেলেছিল। আজ সেখানেই স্ত্রী-সন্তানসহ তাকে দাফন করতে হলো। আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন