ধর্ষণের দায়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
ধর্ষণের দায়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২২ জুন) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

আটকাদেশপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম জাহিদ জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাত বছর বয়সী এক কন্যাসন্তান নিজ বাসা থেকে স্থানীয় একটি দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় পথিমধ্যে শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে সুকৌশলে সাহাপুর রেলওয়ে স্কুল মাঠে নিয়ে যায় জাহিদুল ইসলাম। সেখানে নির্জন স্থানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তাকে ফেলে রাখা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধর্ষক জাহিদকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

এই লোমহর্ষক ঘটনার পর নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় জাহিদুল ইসলামকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং আসামির অনুপস্থিতিতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় ঘোষণা করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন