মুকসুদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে মনিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনিয়া আক্তার সুলতান দিঘিরপাড় গ্রামের কেয়া আলম শেখের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে কিশোরী মনিয়া আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পিতা-মাতার সাথে কোনো একটি বিষয়ে অভিমান করে ভোররাতের যেকোনো সময় সে নিজ বসতঘরের কাঠের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয়। সকালে তার মা মনিয়াকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে ঝুলন্ত মরদেহটি নিচে নামান। পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনের মাধ্যমে থানায় জানানো হলে মুকসুদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন একটি গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে এটিকে পারিবারিক কলহ ও অভিমান থেকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
|