মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে নিজের অনুমতি ও সম্মতি ছাড়া আওয়ামী লীগের স্থানীয় কমিটিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগ তুলে সকল রাজনৈতিক পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. সুজন শেখ নামের এক শিক্ষক।
মঙ্গলবার (১১ আগস্ট) মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বৈদ্যবাড়ি মোড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ ঘোষণা দেন।
মো. সুজন শেখ মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম নওখণ্ডা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। সংবাদ সম্মেলনে তিনি জানান, তাঁর সম্মতি কিংবা অজান্তে তাঁকে ননীক্ষীর ইউনিয়ন কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি তীব্র প্রতিবাদ জানান এবং রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেন।
লিখিত বক্তব্যে শিক্ষক সুজন শেখ বলেন, "আমার পেশাগত নিরপেক্ষতা, সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের কাছে একজন শিক্ষকের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অদূর ভবিষ্যতে বা অতীতে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকতে চাই না।"
তিনি আরও জানান, ইচ্ছার বিরুদ্ধে কমিটিতে নাম দেওয়ায় এবং এর প্রতিবাদ করায় তাঁকে সামাজিকভাবে নানামুখী চাপ ও হয়রানির শিকার হতে হচ্ছে। তবে কোনো ভীতি ও চাপের কাছে নতি স্বীকার না করে তিনি প্রকাশ্যে এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জেলা ও উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান, যেন ভবিষ্যতে তাঁর সম্মতি ছাড়া কোনো রাজনৈতিক পদ-পদবিতে তাঁর নাম ব্যবহার না করা হয়। একই সঙ্গে একজন সাধারণ নাগরিক হিসেবে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তবে সংশ্লিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা
|