অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমি নিজে কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না। টাঙ্গাইলকে আধুনিক ও উন্নত করার যে প্রতিশ্রুতি দিয়েছি, সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছি।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি ও নাগরিক সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
টাঙ্গাইল পৌরসভার এই প্রকল্পের আওতায় দুটি ভূ-গর্ভস্থ পানি শোধনাগার এবং দুটি ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে পানি পরিশোধনাগার নির্মাণে ব্যয় হচ্ছে ১৯ কোটি ১ লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা এবং উচ্চ জলাধার নির্মাণে ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার ৬টি ওয়ার্ডে প্রায় ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলামসহ জেলা ও পৌরসভার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে টাঙ্গাইল পৌর এলাকার দীর্ঘদিনের পানির সংকট স্থায়ীভাবে সমাধান হবে।
জান্নাত সকালবেলা
|