রামুতে ছেলের গুলিতে প্রাণ গেল বাবার
রামু (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় পৈতৃক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে জন্মদাতা পিতাকে গুলি করে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। এই বর্বরোচিত হামলায় গুলিবিদ্ধ মো. আয়াজ (৭০) নামে ওই বৃদ্ধ আজ রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রক্তাক্ত এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ঢেবা গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে বড়ঢেবা এলাকায় বসতভিটা ও জমিজমা নিয়ে বৃদ্ধ আয়াজের সাথে তাঁর ছেলে জোবাইর উদ্দিনের তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে রাগের মাথায় জোবাইর ঘর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এনে সরাসরি নিজের বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুক ও পেটে গুলি লেগে বৃদ্ধ বাবা রক্তাক্ত অবস্থায় উঠানে লুটিয়ে পড়লে ঘাতক ছেলে সটকে পড়ে।
গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় মো. আয়াজকে উদ্ধার করে তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার আশঙ্কাজনক অবণতি হলে চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে (ICU) নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হৃদয়বিদারক এই ঘটনার পর থেকে ঘাতক ছেলে জোবাইর উদ্দিন সম্পূর্ণ পলাতক রয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে এই জঘন্য হত্যাকাণ্ডের সৃষ্টি হয়েছে। বাবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ছেলেকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি জোরদার করা হয়েছে।”
এআইএল/সকালবেলা