হাফেজ হৃদয় হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার বহুল আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তৌফিকুর রহমান এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও রাব্বি। অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই বগুড়া সদর উপজেলার কৈপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় হাফেজ হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর বাবা মামুনুর রশীদও ছুরিকাঘাতে আহত হন। পরবর্তীতে পরদিন ঈদের দিন চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে ন্যায়বিচার পেয়েছেন বলে জানান মামলার বাদী ও নিহতের পরিবার।
এআইএল/সকালবেলা