ভৈরবের কালিকাপ্রসাদের মেলায় জুয়া-মাদকের অভিযোগ, কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
ভৈরবের কালিকাপ্রসাদের মেলায় জুয়া-মাদকের অভিযোগ, কঠোর অবস্থানে প্রশাসন

খোরশেদ আলম, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে বৈশাখী মেলাকে কেন্দ্র করে জুয়া, মাদক ও চাঁদাবাজির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গ্রামীণ ঐতিহ্যের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটায় স্থানীয় সচেতন মহলের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের বৈশাখ মাসে কালিকাপ্রসাদের বিভিন্ন গ্রামে রোববার করে ঐতিহ্যবাহী মেলা বসে। তবে সম্প্রতি মেলাকে ঘিরে একটি চক্র জুয়া ও মাদকের আসর বসাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, এসব অনৈতিক কর্মকাণ্ডের ফলে মেলায় মারামারি ও হানাহানি বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দারা স্পষ্ট জানিয়েছেন, জুয়া বন্ধ করা সম্ভব না হলে মেলার অনুমতি না দেওয়াই শ্রেয়।

কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া মেলা সুস্থ পরিবেশে আয়োজনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুনুর রশীদ জানান, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কোনো মেলা আয়োজন করা যাবে না। কোথাও জুয়া বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারিও জোরদার করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা