উল্লাপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
উল্লাপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধ ও জমি বিক্রির টাকার জেরে সোবহান প্রামাণিক (৭০) নামের এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত সোবহান প্রামাণিক ও তাঁর স্ত্রী শেফালী খাতুন রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ (ডোয়া) কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামাণিক মারা যান। দুর্বৃত্তদের কোপে তাঁর স্ত্রী শেফালী খাতুন গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববারই সোবহান প্রামাণিক ৭০ লাখ টাকায় একটি জমি বিক্রি করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই টাকা হাতিয়ে নিতেই দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। এছাড়া গ্রামের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। দুই বছর আগে এই বিরোধের জেরে পিতা-পুত্র নিহতের ঘটনাও ঘটেছিল। সেই পুরনো শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর স্থানীয়রা হায়দুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটককৃত ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত কি না তা যাচাই করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা