দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকোর বিরুদ্ধে বিক্ষোভ
রুপম চাকমা, দিঘীনালা: খাগড়াছড়ির দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত তামাক চাষিরা। উৎপাদিত তামাক পাতা ক্রয়ে অনিয়ম ও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগে শুক্রবার (৮ মে) সকালে উপজেলার কলেজ গেইট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারী চাষিরা জানান, কোম্পানিটি প্রলোভন ও ঋণ সুবিধার মাধ্যমে তাদের তামাক চাষে উদ্বুদ্ধ করলেও এখন পাতা কিনছে না। প্রতি একর জমিতে ১২-১৪ বেল তামাক উৎপাদিত হলেও কোম্পানি মাত্র ৪-৫ বেল গ্রহণ করছে। ঋণের সমপরিমাণ পাতা কিনে বাকি অংশ ফেলে রাখায় চাষিরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এতে উৎপাদন খরচ তোলাও অসম্ভব হয়ে পড়েছে তাদের জন্য।
সমাবেশ থেকে চাষিরা নিজস্ব এলাকায় বাইনকোড চালু, ন্যায্য মূল্যে তামাক পাতা ক্রয় এবং ৬০ শতাংশ কালো পাতা গ্রহণসহ কয়েক দফা দাবি তুলে ধরেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এসব দাবি বাস্তবায়ন করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এ.আই.এল/সকালবেলা