মাদারীপুরে ৩ পিকআপসহ ২ চোর আটক

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
মাদারীপুরে ৩ পিকআপসহ ২ চোর আটক

নাহিদ জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে একটি পিকআপ গাড়ি চুরির ঘটনার রহস্য উদঘাটনসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই সন্দেহে মোট ৩টি পিকআপ গাড়ি জব্দ করা হয়। 

সোমবার (১৮ মে) রাজৈর ও শিবচর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার টেকেরহাট স্লুইসগেট এলাকা থেকে সম্প্রতি একটি পিকআপ গাড়ি চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে গাড়ির মালিক রিপন শেখ বাদী হয়ে রাজৈর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পরপরই রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম এবং ওসি (তদন্ত) কুতুব উদ্দিন আহম্মেদের সমন্বয়ে, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম মাঠে নামে।

আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের অবস্থান শনাক্ত করে পুলিশ প্রথমে ফারুক মোল্যা (৪৫) ও অন্তুর বিশ্বাস (২৫) নামের দুইজনকে আটক করে। আটক ফারুক মাদারীপুরের শিবচর উপজেলার বাকরকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে এবং অন্তুর বিশ্বাস নড়াইলের নড়াগাতী উপজেলার বি-পাটনা গ্রামের মৃত মধু বিশ্বাসের ছেলে। পরবর্তীতে আটকে যাওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকার একটি গোপন গ্যারেজে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে চোরাই সন্দেহে মোট ৩টি পিকআপ গাড়ি জব্দ করা হয়। তবে আটককৃতরা ওই গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

রাজৈর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদারীপুর, নড়াইলসহ আশপাশের জেলাগুলোতে গাড়ি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এটি একটি সুসংগঠিত চোর চক্র। এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আটককৃতদের মাদারীপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা