ফিল্ম স্টাইলে আসামি ধরে প্রশংসায় ভাসছেন এসআই ওবাইদুর

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
ফিল্ম স্টাইলে আসামি ধরে প্রশংসায় ভাসছেন এসআই ওবাইদুর

আব্দুল্লাহ আল মামুন, যশোর: হাতকড়া পরা অবস্থায় পুলিশের জিপ থেকে লাফিয়ে পালিয়ে যাচ্ছিল আসামি, আর তার পেছনেই ছুটছেন এক পুলিশ কর্মকর্তা। যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর বাজারে যেন তৈরি হয়েছিল কোনো রোমাঞ্চকর চলচ্চিত্রের দৃশ্য। তীব্র যানজটের সুযোগে হাতকড়াসহ মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, ধাওয়া দিয়ে তাঁকে পুনরায় হেফাজতে এনে প্রশংসায় ভাসছেন মণিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান।

মণিরামপুর থানা পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার খেদাপাড়া ইউনিয়নে মসজিদের এক ইমামকে মারধর ও তাঁর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফেলে যাওয়া আলামতের সূত্র ধরে বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত আসামি কুন্তল বিশ্বাসকে গ্রেপ্তার করে থানায় আনছিল পুলিশ।

সন্ধ্যা ৭টার পর মণিরামপুর বাজারের গার্মেন্টস পট্টি মোড়ে দীর্ঘ যানজটে পুলিশের গাড়ি আটকে গেলে আসামি সুযোগ বুঝে হাতকড়াসহ গাড়ি থেকে লাফ দিয়ে দৌড় দেয়। এ সময় গাড়ির ক্যাবিন থেকে লাফিয়ে আসামির পিছু নেন এসআই ওবাইদুর রহমান। শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি আসামিকে জাপটে ধরেন। পরে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে আসামিকে পুনরায় নিজেদের হেফাজতে নেন।

অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আসামিকে উদ্ধার ও গাড়িতে তোলার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার বিবরণ দিয়ে এসআই ওবাইদুর রহমান জানান, দায়িত্বশীলতা ও ভুক্তভোগীর সুবিচারের স্বার্থে আসামি লাফ দেওয়া মাত্রই যেকোনো মূল্যে তাঁকে ধরার সিদ্ধান্ত নেন এবং দ্রুত পিছু ধাওয়া করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন