বিএসএফের গুলিতে কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
বিএসএফের গুলিতে কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে ভারতের অভ্যন্তরে মাঙ্গুরলি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ভোরে একদল চোরাকারবারি কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাঙ্গুরলি এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তারা মিয়ার মৃত্যু হয়। বিজিবি আরও জানায়, নিহত তারা মিয়া সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালানের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে পূর্বেও চোরাচালান আইনে একটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিজিবি ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন