নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ণ
নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিম উল্লাহ ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল ও ফজলুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘাতের সময় গুরুতর আহত নাজিম উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত আরও অন্তত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন