ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ে তাণ্ডব: বিএনপি নেতাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ে তাণ্ডব: বিএনপি নেতাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ ৬ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ) বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদের নিয়োগ পরীক্ষা চলছিল। ইউএনও-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বোর্ডে কলেজের অধ্যক্ষ এবং কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন তাঁর অনুসারীদের নিয়ে ‘মব সৃষ্টি করে’ ইউএনওর কার্যালয়ে প্রবেশ করেন। তারা নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান এবং একপর্যায়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বোর্ড প্রতিনিধির কাছ থেকে নিয়োগ সংক্রান্ত নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী অধ্যক্ষ হারুন অর রশিদ আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় মামলা করতে গেলে জামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা থানার ভেতর থেকেই তাঁদের টেনেহিঁচড়ে বের করে আনেন এবং মামলা না করতে হুমকি দেন। পরে পুলিশ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

মামলায় অভিযুক্ত প্রধান ৬ জন হলেন: ১. জামাল উদ্দিন (সভাপতি, উপজেলা বিএনপি) ২. ইরফান আলী (বিএনপি নেতা) ৩. সাজ্জাদ হোসেন (সভাপতি, উপজেলা যুবদল) ৪. মোকলেসুর রহমান (যুবদল নেতা) ৫. মো. ফারুক ৬. মাসুদ রানা

অভিযুক্ত বিএনপি নেতা জামাল উদ্দিন দাবি করেছেন, নিয়োগ-বাণিজ্যের প্রতিবাদ করতে গিয়ে কেবল বাগ্‌বিতণ্ডা হয়েছে। তাঁর ও দলের ভাবমূর্তি নষ্ট করতে এই মামলা করা হয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ জানান, ঘটনার বিষয়ে মামলা রুজু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন