মহম্মদপুরে বালু ব্যবসায়ীকে জরিমানা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে মধুমতি নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে খন্দকার মামুন অর রশিদ নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৬ জুন) উপজেলার শিরগ্রাম এলাকার পূর্ব পাশে মধুমতি নদীর করিমের ঘাটে ওই ব্যবসায়ী ড্রেজার (গেলবট) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত মামুন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাত্তর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের হাতেনাতে মামুন অর রশিদকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব বলেন, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|