নাসিরনগরে একাধিক মামলার আসামি ডাকাত সোহেল গ্রেপ্তার
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একাধিক ডাকাতি মামলার এজাহারনামীয় ও চিহ্নিত অপরাধী সোহেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালিউতা বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জামালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সোহেল কালিউতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের ভাতিজা।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে উপজেলার তিলপাড়া, ছাতিয়াইন, রতনপুর ও আদাঐর সড়কসহ আশপাশের এলাকায় সক্রিয় ডাকাত দলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত। গুতমা গ্রামের বাসিন্দা জামাত আলীর বাড়িতে নৃশংস ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই ঘটনায় ডাকাতরা গৃহকর্তা জামাত আলীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এলাকাবাসীর ভাষ্যমতে, কালিউতা গ্রামের পশ্চিম পাশে নদীসংলগ্ন নির্জন স্থানে সোহেলের বাড়ি হওয়ায় এটি দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ আস্তানা ও অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ইতিপূর্বেও ওই এলাকা থেকে চোরাই গরুসহ একাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সোহেলের গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এলেও এলাকাবাসী ওই নির্জন এলাকায় স্থায়ী পুলিশ টহল জোরদার এবং পুরো ডাকাত চক্রটিকে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|