গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় সড়ক উন্নয়নকাজে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার বেলা ১১টায় সুলতানগঞ্জ এলাকায় বিক্ষুব্ধ স্থানীয়রা একত্রিত হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে বাধা দেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ড্রেন, সড়ক ও ব্রিজ নির্মাণের প্রকল্পটির কাজ করছে 'এলিজা এন্টারপ্রাইজ'। বর্তমানে কাচারীপাড়া থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত অংশে কাজ চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে বালির পরিবর্তে মাটি এবং অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া (রাবিশ) দিয়ে রাস্তা ভরাট করছে। তদারকিতে পৌরসভার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অনিয়মের সত্যতা স্বীকার করে জানান, "কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে এবং জনগণের বাধা দেওয়া যৌক্তিক। ঠিকাদারকে সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।" সিডিউল মেনে কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
এআইএল/সকালবেলা
|