রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ কর্মসূচি পালন করেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে সম্প্রতি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণকে কেন্দ্র করে কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মো. মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. জিয়াউল আহসান, সিনিয়র লোকোমাস্টার মো. আমিনুল ইসলাম এবং সিনিয়র টিটিই মো. গোলাম মোস্তফাসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা জানান, গত ৭ আগস্ট ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কয়েকজন যাত্রী টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণ করছিলেন। রেলের নিয়ম অনুযায়ী ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে তাঁদের নন-এসি কোচে যাওয়ার অনুরোধ জানালে তাঁরা ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাদের গালিগালাজ করেন। পরবর্তীতে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে আসাম কলোনি এলাকার কয়েকজন বাসিন্দা সংঘবদ্ধ হয়ে রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়া এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এএসআই ফজলুর রহমান আহত হন।

বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে রাজশাহী রেলভবনে গিয়ে শেষ হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন