প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

মো. মাইনুল হক, নীলফামারী: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং প্রি-পেইড মিটারের অতিরিক্ত ফি বাতিলসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রণালয় বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়।

এর আগে শহরের বড় ট্রাফিক মোড় থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। প্রি-পেইড মিটারের ডিমান্ড চার্জ বাতিল করা। মিটার ভাড়া নেওয়া বন্ধ করা। ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম কমানো। বিদ্যুতের ওপর আরোপিত ভ্যাটের হার হ্রাস করা।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, "অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তার ওপর প্রি-পেইড মিটারের নামে ডিমান্ড চার্জ ও অতিরিক্ত ফি জনগণের ওপর বাড়তি বোঝা তৈরি করেছে। এসব অযৌক্তিক ফি অবিলম্বে বাতিল করতে হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।"

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন