আনোয়ারায় জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৪ জুন) দিবাগত গভীর রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল গ্রেপ্তার ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জুন) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন—এনি বড়ুয়া (৪০) ও তাঁর এসএসসি পরীক্ষার্থী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এই হামলায় গুরুতর আহত হয় এনি বড়ুয়ার ৫ বছর বয়সী শিশুপুত্র পিয়াস বড়ুয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সময় পরিবারের কর্তা সুজন বড়ুয়া তাঁর কর্মস্থলে ছিলেন। এই সুযোগে রাতে ঘাতক তেজু বড়ুয়া ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই মা ও মেয়েকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক ছিল।
হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, গ্রেপ্তারকৃত তেজু বড়ুয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও টাকা-পয়সা সংক্রান্ত তীব্র বিরোধ চলছিল। এর জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশও এই আর্থিক বিরোধকে হত্যাকাণ্ডের মূল কারণ ধরে তদন্তের অন্যতম প্রধান বিষয় হিসেবে বিবেচনা করছে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল সকালবেলা-কে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ডিবি কার্যালয়ে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
এআইএল/সকালবেলা
|