তদন্ত ছাড়া জবানবন্দি, এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
তদন্ত ছাড়া জবানবন্দি, এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মামুন চৌধুরী, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলামের বিরুদ্ধে জাল স্বাক্ষর, ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি, ভুয়া চার্জশিট দাখিল ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী সাংবাদিক। এ ঘটনায় বিতর্কিত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি এবং তার অধীনে তদন্তাধীন সমস্ত মামলার নথি পুনঃপরীক্ষার দাবি জানানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ‘দৈনিক ইত্তেফাক’-এর উপজেলা প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, গত ২৭ মার্চ ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলা থেকে ফেরার পথে রাজারহাট উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছ ও তার সহযোগীরা তাঁর ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এ ঘটনায় ওই দিনই রাজারহাট থানায় একটি মামলা (মামলা নং-১৭, তারিখ: ২৭/০৩/২০২৬) দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই আতিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে আসামিপক্ষকে বাঁচানোর উদ্দেশ্যে চরম জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নেন। মামলার বাদী কিংবা এজাহারভুক্ত চারজন প্রধান সাক্ষী—গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাক আহমেদ ও রেজাউল করিম—কারো সঙ্গেই যোগাযোগ বা জবানবন্দি গ্রহণ না করেই ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি করে আদালতে নথি পাঠান। পরবর্তীতে বাদী ও সাক্ষীদের পুরোপুরি অন্ধকারে রেখে মাত্র ২৫ দিনের মাথায় আসামিদের অব্যাহতি দেওয়ার উদ্দেশ্যে একটি দুর্বল চার্জশিট দাখিল করেন।

তিনি আরও জানান, জালিয়াতির বিষয়টি জানাজানি হলে সহকর্মী সাংবাদিক ও ভুক্তভোগীরা জানতে চাইলে এসআই আতিকুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধের অজুহাত দেখিয়ে সদুত্তোর দেওয়া থেকে বিরত থাকেন। একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার মামলায় তদন্তকারী কর্মকর্তার এমন কর্মকাণ্ড পুলিশ বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

এই জালিয়াতির বিচার চেয়ে গত ২৩ জুলাই কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও রংপুর রেঞ্জের ডিআইজি বরাবরও অনুলিপি প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে রাজারহাট থানার বিতর্কিত এসআই আতিকুল ইসলামের দাখিলকৃত ভুয়া চার্জশিটের অবিলম্বে নিরপেক্ষ পুনঃতদন্তের নির্দেশ প্রদান, তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং তাঁর অধীনে থাকা পূর্বের সমস্ত মামলার নথি খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন