বিরোধী দল আন্দোলনের নামে দেশকে জিম্মি করতে চায়: পানিসম্পদমন্ত্রী এ্যানি

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
বিরোধী দল আন্দোলনের নামে দেশকে জিম্মি করতে চায়: পানিসম্পদমন্ত্রী এ্যানি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (ছবি: সংগৃহীত)।

নিজস্ব প্রতিবেদক: বিরোধী দল আন্দোলনের নামে বিএনপিকে জিম্মি এবং দেশের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাইছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, “বিগত সময়ে শেখ হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল, পরবর্তীতে টানা ১৭ বছর দেশের ১২টা বাজিয়ে দিয়েছে। বিরোধী দল এখন ভাবছে আন্দোলন করলেই বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান ও মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে পড়বেন এবং সেই সুযোগে জনগণ বাধ্য হয়ে তাদের বেছে নেবে। সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিরোধী দল লংমার্চ ও নতুন করে আন্দোলনের ডাক দিচ্ছে। একটি দেশ যদি কেবল আন্দোলনের মধ্য দিয়েই চলতে থাকে, তবে কোনো এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশ ও জনগণের জন্য ক্ষতিকর।”

সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে এ্যানি বলেন, “জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সংসদে বিরোধী দল রয়েছে, কিন্তু আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিত পর্যন্ত হয়নি এবং কোনো সহযোগিতাও করেনি। অথচ গত ১৭ বছর আমরা জুলুম-নির্যাতন সহ্য করে ছাত্র-জনতাকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এখন আমাদের মূল লক্ষ্য সেই অর্জনকে সুসংহত করে নতুন বাংলাদেশ গড়ে তোলা। এ কাজে বিরোধী দলের ইতিবাচক সহযোগিতা কাম্য।”

উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যেই দেশজুড়ে দৃশ্যমান উন্নয়ন লক্ষ্য করা যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে স্বনির্ভর করেছিলেন এবং বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে ঘুরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছিলেন, ঠিক একইভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশের মানুষের মুখে স্থায়ী হাসি ফুটবে।”

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

মন্তব্য করুন