বিদ্যুৎকেন্দ্রে নাশকতার আশঙ্কা, গোপালগঞ্জে পুলিশি নিরাপত্তা দাবি
হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের জেরে গ্রাহক অসন্তোষ এবং অনাকাঙ্ক্ষিত নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে ওজোপাডিকোর কার্যালয় ও বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশি সহায়তা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ উদ্দিন জেলার পুলিশ সুপার বরাবর এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান।
চিঠিতে জানানো হয়, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকোর আওতাধীন পাওয়ার হাউজ, দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে পৌর এলাকায় বিদ্যুৎ বিতরণ করা হয়ে থাকে। কিন্তু জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কাঙ্ক্ষিত বরাদ্দ না পাওয়ায় ঘন ঘন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহক কিংবা দুষ্কৃতকারীরা প্রশাসনিক ভবন, বৈদ্যুতিক স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কার কথা বলা হয়েছে চিঠিতে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে ওজোপাডিকোর স্থাপনাগুলোকে পুলিশের নিয়মিত টহলের আওতায় আনার ও বাড়তি নজরদারির জোর দাবি জানানো হয়।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, "চিঠিটি এখনো আমাদের দপ্তরে এসে পৌঁছায়নি। ডাক পাওয়া মাত্রই পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।"
এআইএল/সকালবেলা
|