হবিগঞ্জে ১২ মামলার আসামি ডাকাত ইমন গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
হবিগঞ্জে ১২ মামলার আসামি ডাকাত ইমন গ্রেপ্তার

মোঃ ইউসুফ, হবিগঞ্জ: হবিগঞ্জে সদর মডেল থানা পুলিশ ও র‍্যাব-৯ (সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী মো. রিপন মিয়া প্রকাশ ইমনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিপন মিয়া ওরফে ইমন হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ৩৯৪ ধারায় দায়েরকৃত একটি ডাকাতি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন ইমন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও র‍্যাবের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এআইএল/সকালবেলা