নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, চিলাহাটি রুটে ট্রেন বন্ধ

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ণ
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, চিলাহাটি রুটে ট্রেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার পর থেকে রোববার (১৭ মে) সকাল ৮টা থেকে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেলরুটে সব ধরনের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনা মেইল ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নীলফামারী রেলস্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষে ট্রেনটি আবার চলতে শুরু করে। সকাল ৮টার দিকে ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকার কাছাকাছি পৌঁছালে রেললাইনের ওপর ভেঙে পড়ে থাকা একটি বড় গাছের ডালের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের জোরালো সংঘর্ষ হয়। এতে ঝাঁকুনি খেয়ে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইন থেকে ছিটকে পড়ে।

ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর সৈয়দপুর-চিলাহাটি সেকশনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনার কারণে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনে বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরবর্তীতে রূপসা এক্সপ্রেস ট্রেনটিকে সৈয়দপুর স্টেশন থেকে খুলনার অভিমুখে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ফলে ডোমার ও চিলাহাটি অঞ্চলের বহু যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।

নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ইতিমধ্যেই পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারে কাজ শুরু করেছে। লাইন মেরামত ও উদ্ধার কাজ শেষ করে বিকেলের মধ্যে এই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।