নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বদলি
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জেলার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পৃথক দুটি আদেশে তাঁদের প্রত্যাহার ও বদলির এই সিদ্ধান্ত জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
অন্যদিকে, প্রশাসনিক প্রয়োজনে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহকে বদলি করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার আদেশ দুটি জারি করা হলেও বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিষয়টি জনসমক্ষে আসে। তবে জারি করা আদেশে তাঁদের আকস্মিক প্রত্যাহার ও বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
নাটোর জেলা প্রশাসকের কার্যালয় এবং লালপুর উপজেলা প্রশাসনে নতুন কর্মকর্তা হিসেবে কে স্থলাভিষিক্ত হবেন, তা পরবর্তীতে আদেশের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।
এআইএল/সকালবেলা
|