জুলাই চেতনাকে ধারণ করে বাধা অতিক্রম করতে হবে: এমপি লিংকন
মোঃ ওয়াজেদ আলী, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেছেন, "জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের সব বাধা ঐক্যবদ্ধভাবে অতিক্রম করতে হবে। উত্তরবঙ্গের রংপুরে আমাদের কিছু থাক আর না থাক, আমাদের একজন আবু সাঈদ আছেন।"
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহাম্মেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু, উপজেলা বিএনপির সদস্যসচিব রেজওয়ানুল হাবীব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
স্মরণসভায় শহীদ জুয়েল রানার পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের ‘জুলাই স্মৃতি সম্মাননা’ স্মারক প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে পৌর শহরে একটি গণমিছিল বের করা হয়।
এআইএল/সকালবেলা