আইনজীবীকে মারধরের ঘটনায় কঠোর অবস্থানে এমপি জাহান্দার আলী

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
আইনজীবীকে মারধরের ঘটনায় কঠোর অবস্থানে এমপি জাহান্দার আলী

নাহিদ জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের আছমত আলী খান সেতুর টোল প্লাজায় নবীন আইনজীবী শুভেন্দু বিশ্বাস শুভর ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিসি বৈঠকে কঠোর অবস্থান নিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দুপুর ৩টায় মাদারীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার ভবনের দ্বিতীয় তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

বৈঠকে আইনজীবী শুভেন্দু বিশ্বাস শুভর ওপর টোল প্লাজায় সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, "সকল আইনজীবীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আইনজীবীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে টোল-সংক্রান্ত বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।"

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে আছমত আলী খান সেতুর টোল প্লাজার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করে দেন তিনি।

বৈঠকে আইনজীবী নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে টোল প্লাজায় কোনো আইনজীবীর সাথে এ ধরনের অশোভন আচরণ বা হামলার ঘটনার পুনরাবৃত্তি হলে মাদারীপুরের আইনজীবী সমাজ কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক খান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান শাকিল, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, অ্যাডভোকেট বাবুল আক্তার, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এমারত হোসেন খানসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।

এআইএল/সকালবেলা