গভীর রাতে ঘরে ঘরে খাবার পৌঁছে দিলেন এমপি হানজালা
বিশেষ প্রতিনিধি: "আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব"—নির্বাচনী প্রচারণায় দেওয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সম্প্রতি রাতের আঁধারে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। নির্বাচনী প্রচারণায় হযরত উমর (রা.)-এর শাসনরীতির উদাহরণ টেনে জনসেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এ উদ্যোগকে তারই বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিও ও ছবিতে মধ্যরাতে সাধারণ মানুষের দুয়ারে উপহার পৌঁছে দেওয়ার দৃশ্য দেখা যায়।
এমপির কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুতুবপুরের প্রবীণ বাসিন্দা সমিরুন্নেছা। তিনি বলেন, "আগে কখনো কোনো এমপিকে সরাসরি দেখার সুযোগ পাইনি, আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির হয়েছেন।"
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে বিজয়ী হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর জানিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেছেন।
এআইএল/সকালবেলা