টাঙ্গাইলে সন্তান হত্যার দায়ে মায়ের কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে সন্তান হত্যার দায়ে মায়ের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নিজের ১৮ দিন বয়সী শিশু পুত্রকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের দায়ে আয়না বেগম (২৪) নামের এক মাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার (২৯ জুন) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত আয়না বেগম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিবপুর চন্দনপাড়া গ্রামের মো. জহিরুল ইসলামের স্ত্রী এবং দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, সন্তান হত্যার সুনির্দিষ্ট অপরাধে আয়না বেগমকে ১০ বছর এবং অপরাধ লুকাতে লাশ গুম করার অভিযোগে আরও ৩ বছরসহ সর্বমোট ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম ওরফে রিপন মামলার নথির বরাত দিয়ে জানান, সন্তান প্রসবের পর আয়না বেগম দেলদুয়ারের লাউহাটী গ্রামে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০২০ সালের ৩০ আগস্ট বেলা ১১টার দিকে আয়না বেগমের স্বামী জহিরুল ইসলাম খবর পান যে, তার ১৮ দিন বয়সের শিশু সন্তান রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক শ্বশুরবাড়িতে ছুটে যান।

চারপাশে ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে শ্বশুরবাড়ির পাশের একটি খালের পানিতে ভাসমান অবস্থায় শিশু রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্ত ও পুলিশি তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসে যে, মাত্র ১৮ দিনের ফুটফুটে শিশু রায়হানকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে নিজ স্ত্রী আয়না বেগমকে একমাত্র আসামি করে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন