কটিয়াদীতে একই দিনে মা-ছেলের মৃত্যু
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে একই দিনে মা ও ছেলের পরপর মৃত্যুর এক হৃদয়বিদারক ও শোকাবহ ঘটনা ঘটেছে। উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রের কোনা গ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরিবারের দুই সদস্যকে হারিয়ে পুরো পরিবারটি এখন স্তব্ধ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রের কোনা গ্রামের বাসিন্দা আশাব উদ্দিনের স্ত্রী মোছাঃ বানেছা বেগম (৬০) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মায়ের মৃত্যুর সময় তাঁর ছোট ছেলে আবুবক্কার ছিদ্দিক (৩৫) কর্মস্থল ঢাকায় ছিলেন। তিনি জীবিকার তাগিদে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরপরই তিনি শেষবারের মতো মায়ের মুখ দেখা এবং জানাজায় অংশ নেওয়ার জন্য গভীর রাতেই ঢাকা থেকে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
আজ শুক্রবার সকালে বাড়িতে পৌঁছে মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আবুবক্কার ছিদ্দিক। এরপর যথানিয়মে মায়ের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জানাজার প্রস্তুতির একপর্যায়ে হঠাৎ করেই আবুবক্কার ছিদ্দিক তীব্র অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
একদিকে প্রিয় মায়ের চিরবিদায়, অন্যদিকে শেষ দেখা দেখতে এসে তরতাজা ছোট ছেলের আকস্মিক মৃত্যু— একই দিনে আপন দুই সদস্যের এমন পরপর চলে যাওয়ায় পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।
প্রতিবেশীরা জানান, অত্যন্ত অসচ্ছল এই পরিবারটি ধারদেনা ও জীবিকার তাগিদে লড়াই করছিল। শেষ পর্যন্ত ভাগ্য তাদের এমন নির্মম পরিণতির মুখে দাঁড় করাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। এই ঘটনায় পুরো কটিয়াদী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত এই অসহায় পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এআইএল/সকালবেলা