সিরাজদিখানে হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
সিরাজদিখানে হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার

আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াছ মোল্লা হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তাঁর ছেলে বিপ্লব (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াছ মোল্লার ওপর প্রতিপক্ষের বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর ২১ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি রওশন আরা মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মামলার ১ নম্বর প্রধান আসামি ও তাঁর ছেলে বিপ্লবকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সিরাজদিখান থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যা মামলায় একাধিক আসামি রয়েছে। এর মধ্যে প্রধান দুইজনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মা-ছেলেকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন