বিএনপির জনসভা থেকে চুরি হল ১৮টি মাইক

বিএনপির জনসভা থেকে চুরি হল ১৮টি মাইক

বিএনপির জনসভা থেকে চুরি হল ১৮টি মাইক

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার আগের দিন শনিবার রাতে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জনসভা শেষ হওয়ার পর মাইক্রোফোনটিও হারিয়ে যায়। এ ঘটনায় রবিবার (২৫ জানুয়ারি) নগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি জনসভায় রবিবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সভাকে ঘিরে নগর পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার লোকজনও ছিলেন নিরাপত্তায়। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে সিএমপি। সেই সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটেছে।

চুরির ঘটনায় রবিবার লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। লিখিত অভিযোগে বলা হয়, বিএনপির জনসমাবেশে ব্যবহারের জন্য পলোগ্রাউন্ড মাঠে রাখা সাউন্ড সিস্টেমের মালামাল গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে রবিবার (২৫ জানুয়ারি) ভোর ৪টার মধ্যে চুরি হয়ে যায়। এ সময় সাউন্ড সিস্টেমের ১৮টি মাইক ও পাঁচ কয়েল বৈদ্যুতিক তার কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘পলোগ্রান্ড মাঠে সমাবেশ ঘিরে আশপাশে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শুক্রবার লাগানো মাইকগুলো শনিবার রাতে একবার লাইন চেক করে আমরা চলে যাই। মাইকগুলোর নিরাপত্তায় রাস্তায় আমার দুজন লোক টহলে ছিলেন। সকালে পুনরায় পরীক্ষা করতে গিয়ে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরির বিষয়টি ধরা পড়ে। বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।’

আবদুর রাজ্জাক আরও বলেন, ‘চুরি হওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ছিল। সকালে মাইক চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে আসার পর দুপুরে জানতে পারি, জনসভা শেষে মাইক্রোফোনটিও চুরি হয়ে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আজকের জনসভায় ব্যস্ত ছিলাম আমরা। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

প্রায় ২০ বছর পর চট্টগ্রামে কোনও রাজনৈতিক সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে মঞ্চে বক্তব্য রাখেন।
 
আইএ/সকালবেলা

মন্তব্য করুন