কটিয়াদীতে পচা মাংস বিক্রির দায়ে জরিমানা

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ণ
কটিয়াদীতে পচা মাংস বিক্রির দায়ে জরিমানা

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে পচা গরুর মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বাসস্ট্যান্ড এলাকার একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস উদ্ধার করা হয়। পরে মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই পচা মাংস বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্দেশে জব্দকৃত প্রায় দুই বস্তা পচা গরুর মাংস জননিরাপত্তার স্বার্থে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, "পচা মাংস বিক্রির খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই। জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করায় জড়িত ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এমন ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন