কলকাতার দুর্ঘটনায় কুষ্টিয়ার এক পরিবারের চারজন নিহত

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
কলকাতার দুর্ঘটনায় কুষ্টিয়ার এক পরিবারের চারজন নিহত

কাঞ্চন কুমার, কুষ্টিয়া: ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফশানা শিম্মিন (২৫), তিন বছরের শিশুসন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়।

বুধবার (১৯ আগস্ট) সকালে এ মর্মান্তিক খবর কুষ্টিয়ায় পৌঁছালে সহকর্মী সাংবাদিকসহ পুরো জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

নিহত দেবাশীষ দত্ত ‘আজকের পত্রিকা’ ও ‘চ্যানেল নাইন’-এর কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় ‘দৈনিক আজকের আলো’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে তিনি এশিয়ান টিভি ও নাগরিক টিভিসহ একাধিক জাতীয় গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান তাঁদের চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট দেবাশীষ দত্ত তাঁর স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতের বেঙ্গালুরু যান। সেখানে চিকিৎসা শেষ করে মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁরা কলকাতায় ফিরে একটি আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার গভীর রাতেই হোটেলটিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলে ঘটনাস্থলেই পরিবারটির চার সদস্য মৃত্যুবরণ করেন। নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ আগস্ট তাঁদের দেশে ফেরার কথা ছিল। তবে দেবাশীষের আট বছর বয়সী মেয়ে পাখি কুষ্টিয়ার বাড়িতে থাকায় সে এই ট্র্যাজেডি থেকে রক্ষা পায়।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভির বরাতে জানা গেছে, উক্ত অগ্নিকাণ্ডে মোট আটজন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন