কালিয়াকৈরে অনলাইন জুয়ায় নিঃস্ব বহু পরিবার
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামগঞ্জে বিনোদনের আড়ালে গড়ে উঠেছে রমরমা অনলাইন জুয়া ও ক্যারাম বাজি। জুয়ার এই নেশায় আসক্ত হয়ে পড়াশোনা ছেড়ে সর্বস্ব হারাচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চন্দ্রা, সফিপুর, মৌচাক, কালিয়াকৈর সদর, রামচন্দ্রপুর ও তেলিপাড়াসহ বিভিন্ন এলাকার চায়ের দোকানে প্রকাশ্যে ক্যারাম বোর্ড বসিয়ে জুয়ার আসর চালানো হচ্ছে। সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত এসব আসরে প্রতি গেমে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাজি ধরা হচ্ছে। পাশাপাশি চায়ের দোকানে বসেই মোবাইলের মাধ্যমে চলছে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলা।
স্থানীয়দের অভিযোগ, টিফিনের টাকা, টিউশনির ফি এমনকি ঘর থেকে টাকা চুরি করে জুয়ার আসরে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। কালিয়াকৈর সরকারি কলেজের এক শিক্ষক জানান, অনেক মেধাবী শিক্ষার্থী এখন ক্লাস ফাঁকি দিয়ে জুয়ার আসরে সময় কাটাচ্ছে, যা তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শীঘ্রই বিশেষ অভিযান পরিচালনা করে ক্যারাম বোর্ড জব্দসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সামাজিক পরিবেশ বিনষ্টকারী এই জুয়ার আড্ডার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনি ব্যবস্থা নিতে প্রশাসন বদ্ধপরিকর।
এআইএল/সকালবেলা
|