বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ
বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: পদ্মা সেতু চালুর পর বাগেরহাট থেকে দূরপাল্লার বাস ও যাত্রীর সংখ্যা বাড়লেও সেবার মান ও অবকাঠামো না বাড়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। দীর্ঘদিন সংস্কার ও আধুনিকায়ন না হওয়ায় জেলার একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনালটিতে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ।

সরেজমিনে দেখা যায়, ২০০৪ সালে নির্মিত দুই একরের এই টার্মিনালটি প্রতিদিন আটটি রুটের তিন শতাধিক বাস ও প্রায় ১৫ থেকে ২০ হাজার যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। জায়গা সংকটের কারণে অধিকাংশ দূরপাল্লার বাস প্রধান সড়কের ওপর পার্কিং করে যাত্রী ওঠানামা করাচ্ছে। এতে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, টার্মিনালের বড় বড় গর্ত ও কাদার কারণে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত কর পরিশোধ করার পরও পৌরসভার পক্ষ থেকে কোনো দৃশ্যমান সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, বাস টার্মিনালটি সম্প্রসারণের জন্য আরও তিন একর জমি অধিগ্রহণের কাজ চলছে। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলে এটিকে একটি আধুনিক বাসস্ট্যান্ডে রূপান্তর করা হবে। পাশাপাশি সাময়িক ভোগান্তি নিরসনে খানাখন্দ ভরাট ও লাইটিংয়ের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন