রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাসেল মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। 

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন গফুর মোল্লা পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামির নাম আইয়ুব মোল্লা (৩৭)। তিনি গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার আ. জলিল মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আইয়ুব মোল্লা রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার ২০১৪ সালের একটি মাদক মামলার (মামলা নং-১৪) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে আদালত তাঁকে এই সাজা প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব মোল্লা দীর্ঘ বছর ধরে পলাতক থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা