গোপালগঞ্জে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলায় কর্মরত আইনজীবীরা। ঘটনার প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে জেলা আইনজীবী সমিতির ব্যানারে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত প্রাঙ্গণ থেকে শতাধিক আইনজীবীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আইনজীবীদের অভিযোগ, গতকাল বুধবার আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে সৃষ্ট এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা আহত হন। এ ঘটনায় আইনজীবী সমাজে তীব্র অসন্তোষ তৈরি হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্মান ও পেশাগত মর্যাদা বজায় রাখা জরুরি। আদালত ন্যায়বিচারের জায়গা, সেখানে কোনো আইনজীবী বা বিচারপ্রার্থী আহত হওয়া মেনে নেওয়া যায় না। বক্তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িত বিচারকের বিচার ও আইনগত ব্যবস্থার জোর দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারক বা আদালত প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা
|