লক্ষ্মীপুরে বিশ্ব পোলিও দিবসে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বিশ্ব পোলিও দিবসে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে রোটারী ক্লাবের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির একটি মুহূর্ত।

মামুনুর রশীদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

‘এখনি পোলিও নির্মূল করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর রোটারী ক্লাবের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা ও র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রাণবন্ত আলোচনা সভায় মিলিত হন আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুব এলাহি সানী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বেগম, রোটারী ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. হারুন অর রশিদ, সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং প্রেসিডেন্ট মো. রেদোয়ান খানসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বব্যাপী পোলিও দিবস গুরুত্বের সঙ্গে পালিত হয়। সারা বিশ্ব থেকে পোলিওমাইলাইটিস (পোলিও) রোগটি চিরতরে নির্মূলের বৈশ্বিক প্রচেষ্টাকে ত্বরান্বিত করতেই মূলত দিবসটির মূল লক্ষ্য। পোলিও হলো পোলিওভাইরাস দ্বারা সৃষ্ট একটি মারাত্মক পঙ্গুত্ব সৃষ্টিকারী ও প্রাণঘাতী রোগ, যা ১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পর্যায়ক্রমে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছিল।

বক্তারা আরও উল্লেখ করেন, ২০০২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে বিশ্বজুড়ে সার্বজনীন জনসচেতনতা সৃষ্টিতে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। প্রতিটি শিশুকে এই বিধ্বংসী ও ছোঁয়াচে রোগ থেকে শতভাগ সুরক্ষার জন্য নিয়ম মেনে পোলিও টিকাদানের গুরুত্ব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর রোটারী ক্লাবের অন্যান্য সদস্য, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।