গাজীপুরে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ণ
গাজীপুরে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে একটি বাগান থেকে কবির হোসেন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) সকাল ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার একটি আকাশমনি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত কবির হোসেন টেংরা গ্রামের চুক্কা বাড়ির মৃত আমজাদ আলীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পাশে একটি আকাশমনি গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় কবির হোসেনের লাশ দেখতে পান তাঁরা। পরে শ্রীপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি নামিয়ে নেয়। স্থানীয়দের মতে, কবির হোসেন অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন এবং কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না।

নিহতের মেয়ে রেখা জানান, তাঁর বাবা গত কয়েক দিন ধরে তীব্র বিষণ্নতা ও মানসিক হতাশায় ভুগছিলেন। শুক্রবার রাতে পরিবারের সাথে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। তবে রাত ১২টার পর কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি। সকালে বাড়ির পাশে তাঁর ঝুলন্ত লাশ মেলে। এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এরপর তা ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা