ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুষ্টিয়ায় ৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রক্তদানে উৎসাহিত করা এবং মহানবীর সুমহান আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুষ্টিয়ার খোকসার প্রত্যন্ত গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ঈদগাহ ময়দান থেকে এই প্রতিযোগিতার সূচনা হয়। গ্রামীণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌড়টি আমবাড়িয়া নতুন বাজারে এসে শেষ হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটি’র উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী ম্যারাথনে নানা বয়সি প্রায় শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতা শেষে আমবাড়িয়া নতুন বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে মাত্র ২০ মিনিটে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন কুষ্টিয়া জেলা দলের দৌড়বিদ রোহান মণ্ডল। এছাড়া মাত্র ১১ বছর বয়সি সর্বকনিষ্ঠ প্রতিযোগী তুহিন হোসেন পঞ্চম স্থান অধিকার করে সবার প্রশংসা কুড়ায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি হাফেজ মো. আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আবু সায়েম মোল্লা, গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ এবং গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের তরুণদের এমন ইতিবাচক ও স্বাস্থ্যসচেতন উদ্যোগ পুরো সমাজের জন্য অত্যন্ত গর্বের। নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা গেলে তরুণরা বিপথগামী না হয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে গড়ে উঠবে।
আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি হাফেজ আব্দুল আলিম জানান, তরুণদের অভূতপূর্ব সাড়ায় তাঁরা অনুপ্রাণিত এবং ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
|