ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: পাশাপাশি কবরে শায়িত পুরো পরিবার

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: পাশাপাশি কবরে শায়িত পুরো পরিবার

জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: একে একে নিভে গেল একটি পরিবারের সবকটি প্রাণ। গ্যাস বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন স্বামী, স্ত্রী ও তাঁদের তিন সন্তান। 

শনিবার (১৬ মে) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের উত্তর কনকদিয়া গ্রামের কাড়াল বাড়িতে বাকি চারজনের লাশ পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কালাম মিয়া (৫০) দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভুইগড় এলাকার একটি ১০ তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন তিনি। গত রবিবার (১০ মে) সকাল ৬টার দিকে কালাম মিয়া রান্নাঘরে গ্যাসের চুলায় তরকারি গরম করতে গেলে ঘরে জমে থাকা লিকেজ গ্যাস দেশলাইয়ের সংস্পর্শে এসে বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

বার্ন ইউনিটের বিছানায় একে একে নিভে গেছে পাঁচটি প্রাণ। দুর্ঘটনার দিন রবিবারই চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কালাম মিয়া। স্বজনরা সোমবার সকালে গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন করেন। এরপর বুধবার বিকেলে ৭ বছরের শিশু কথা, বৃহস্পতিবার সকালে একমাত্র ছেলে মুন্না (১২), একই দিন বিকেলে মেঝ মেয়ে মুন্নী (৯) এবং সর্বশেষ শুক্রবার সকাল ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মা সালমা বেগম (৪০)।

শনিবার সকালে মা ও তিন সন্তানের লাশবাহী অ্যাম্বুলেন্সটি কাড়াল বাড়ির উঠানে এসে থামলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। সকাল ১০টায় জানাজা শেষে নতুন বাড়ির পুকুরপাড়ে কামাল মিয়ার কবরের ঠিক পাশেই বাকি চারজনকে শায়িত করা হয়। একই সারিতে পাশাপাশি পাঁচটি তাজা কবরের দিকে তাকিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিলেন শত শত মানুষ। কালামের বোন রাশেদা বেগম বিলাপ করতে করতে বলেন, “ভাই বলছিল এবার কোরবানির ঈদে বাড়ি আইসা নতুন ঘরের কাজ শেষ কইরা বাকি জীবন দেশের বাড়িতেই থাকব। ভাই আমার বাড়ি ফিরল, কিন্তু লাশ হয়া!”

এদিকে এই মর্মান্তিক ট্র্যাজেডির পেছনে ভবন কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন এক স্বজন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসার গ্যাসের পাইপ লিকেজ হওয়ার বিষয়টি কালাম মিয়া আগের দিনই ভবনের দারোয়ানকে জানিয়েছিলেন। কিন্তু দারোয়ান অলসতা করে বাড়ির মালিককে বিষয়টি জানায়নি। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে আজ একটি পুরো পরিবার এভাবে ধ্বংস হয়ে যেত না।

এ.আই.এল/সকালবেলা