সিরাজদিখানে বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
সিরাজদিখানে বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৫ মে থেকে ১৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম-এর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান-এর নেতৃত্বে এই বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান চালিয়ে মাদক ও অন্যান্য অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (১৬ মে) বিজ্ঞ আদালতের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতি রোধ এবং মাদকসহ অন্যান্য অপরাধ দমনে বিট পুলিশিং ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ.আই.এল/সকালবেলা