ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “মাদকমুক্ত হবে বাংলাদেশ”—এই দৃঢ় স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় বাউশিয়া ইউনিয়নের একটি জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।
র্যালিটি বাউশিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালি চলাকালীন অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন: "দেশের ভবিষ্যৎ কর্ণধার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত এবং ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।"
বক্তারা আরও উল্লেখ করেন, মাদকের বিস্তার রোধে পরিবার থেকে শুরু করে পাড়া-মহল্লায় সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদকের কারবারিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বাউশিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তৃণমূল পর্যায়ে এই মাদকবিরোধী প্রচারণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ