আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক বদলি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক বদলি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে পেপারওয়েট নিক্ষেপ করে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানাকে আহত করার অভিযোগ ওঠার পর অভিযুক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে গোপালগঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে প্রেষণে বদলি করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ নম্বর এজলাসে বিচারকাজ চলাকালে পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা রক্তাক্ত হন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ আদালতপাড়ায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি বিচারক সুজন মিয়ার আদালত বর্জন এবং তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু করে। আজ সকালে আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আইনজীবীদের টানা আন্দোলন ও ক্ষোভের মুখে বিকেলেই সংশ্লিষ্ট বিচারককে প্রেষণে বদলি করে প্রজ্ঞাপন জারি করায় আদালতপাড়ায় স্বস্তি ও নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন